মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিকেল ৫টায় টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের করণীয় নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো।
টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান ইকু। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির রাজনৈতিক আদর্শ, দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক কার্যক্রম ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
দলীয় নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি দলের আদর্শ, রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক শক্তিকে নতুন করে স্মরণ করার উপলক্ষ। এ আয়োজনের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভা শেষে উপজেলা গেট থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি টঙ্গীবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।