বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, পলাতক ফ্যাসিস্টরা দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং দেশের ভেতরে থাকা ‘গুপ্ত ও সুপ্ত’ শক্তি তাতে উসকানি দিচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে বিরোধী পক্ষের কর্মসূচির সমালোচনা করে রিজভী বলেন, বর্তমানে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশই জ্বালানি সংকটের মুখে রয়েছে। এ বাস্তবতা বিবেচনায় না নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
জামায়াতের লংমার্চ প্রসঙ্গে রিজভী বলেন, বিপুলসংখ্যক গাড়ি নিয়ে কর্মসূচি পালন করলে জ্বালানির ব্যবহারও বাড়ে। সংকটের সময়ে এ ধরনের ব্যয় এড়ানো গেলে রাষ্ট্রের সাশ্রয় হতো বলে মন্তব্য করেন তিনি।
রিজভীর দাবি, নানা সংকটের মধ্যেও সরকার জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে এবং অর্থনীতিকে এগিয়ে নিতে সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারে কাজ করছে।
তিনি আরও বলেন, বর্তমানে বিরোধী দল নির্বিঘ্নে রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচি পালন করতে পারছে, যা অতীতে দীর্ঘ সময় সম্ভব ছিল না। সরকার গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন তিনি।