মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাসচাপায় অবসরপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মী মোস্তাফিজুর রহমান (৫২) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার বাঘাবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান (৫২) পাবনা জেলার আতাইকুলা থানার দক্ষিণ আতাইকুলা গ্রামের মৃত খোদা বক্স মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়া থেকে পাবনাগামী ‘আল আমিন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি সিএনজি অটোরিকশাচালক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি সামনে থাকা আরএফএল-এর একটি কাভার্ড ভ্যানে গিয়ে ধাক্কা খেয়ে দুমড়ে মুচরে যায়। এ সময় যাত্রী মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য পাবনার বেড়া এলাকায় নিয়ে যান বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।