পটুয়াখালীর দশমিনায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা প্রায় এক লাখ টাকা মূল্যের অবৈধ পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়ক থেকে তিন বস্তা অবৈধ পলিথিন উদ্ধার করে থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে এসব পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী বাজারের পূর্ব পাশে পাকা সড়কের ওপর তিনটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি দশমিনা থানায় জানান। খবর পেয়ে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বস্তাগুলো খুলে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন দেখতে পান। বস্তাগুলোর প্রকৃত মালিকের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বেতাগী বাজারের পূর্ব পাশের পাকা সড়ক থেকে তিন বস্তা পলিথিন উদ্ধার করা হয়। পরে পলিথিনগুলো জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হলে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, বেতাগী বাজারের পূর্ব পাশে সড়কের ওপর মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা তিন বস্তা অবৈধ পলিথিন থানা পুলিশ উদ্ধার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে পলিথিনগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উদ্ধার করা পলিথিনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।