প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ার পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি মসজিদের সামনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণআন্দোলনের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুনভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তার দাবি, বর্তমান নেতৃত্ব দেশের মানুষের মধ্যে নতুন আশা ও প্রত্যাশা তৈরি করেছে।
তিনি অভিযোগ করেন, যখন দেশকে শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা চলছে, তখন বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কিছু নেতা এবং দেশে থাকা তাদের অনুসারীরা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
নাসিক প্রশাসক আরও বলেন, যারা শান্তিপূর্ণভাবে দেশে অবস্থান করছেন, তাদের দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকা উচিত। কোনো পক্ষ অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের সময় গুম, খুনসহ বিভিন্ন অপরাধের অভিযোগের প্রসঙ্গ টেনে সাখাওয়াত বলেন, অতীতের ভয় ও অনিশ্চয়তা পেছনে ফেলে বাংলাদেশ এখন নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছে।