বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের নতুন নকশায় যুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি। রোববার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পাসপোর্টের ভেতরের পাতার জলছাপ (ওয়াটারমার্ক) পরিবর্তন করে সেখানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত এই তিন শহিদের ছবি সংযোজন করা হবে। নতুন নকশার অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পাতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচিত্রও স্থান পাচ্ছে।
এছাড়া পাসপোর্টের বিভিন্ন পাতায় বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ কেল্লা, পানাম নগর ও কার্জন হল। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক হিসেবে স্থান পেয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরির দৃশ্য।
জাতীয় পরিচয়ের প্রতীক হিসেবে শাপলা, দোয়েল, ইলিশ ও কাঁঠালের পাশাপাশি শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’-ও নতুন নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, পাসপোর্টের ডাটা পেইজে আগের মতোই ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য বৈধ’—এই ঘোষণা বহাল থাকবে। নতুন নকশা দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।