সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা (বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক)কে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের কার্যক্রম দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনশক্তি রফতানি, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সৌদি আরবে আয়োজিতব্য ‘ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে বাংলাদেশের অংশগ্রহণসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট প্রদানের বর্তমান অগ্রগতি জানতে চান। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন যৌথভাবে কাজ করছে।
দ্রুত কার্যক্রম শেষ করতে ঢাকা থেকে একটি বিশেষ টিমও পাঠানো হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতির হার কিছুটা কম। বিষয়টি ইতোমধ্যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রীকে অবহিত করা হয়েছে।
এ সময় রাষ্ট্রদূত আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রিয়াদে অনুষ্ঠিতব্য ‘বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী’ (ওয়ার্ল্ড ডিফেন্স শো)-তে অংশগ্রহণের জন্য সৌদি স্বরাষ্ট্র মন্ত্রীর আমন্ত্রণপত্র স্বরাষ্ট্র উপদেষ্টার হাতে তুলে দেন।
তবে ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে উপদেষ্টা নিজে উপস্থিত থাকতে পারবেন না বলে জানান এবং এ ক্ষেত্রে উপযুক্ত প্রতিনিধি পাঠানোর আশ্বাস দেন।