সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরান আহমেদ কানন (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের সাবেদেরচালা-কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরান আহমেদ কানন উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইলের মেজর মাহমুদুল হাসান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা রেজাউল করিম জিতাশ্বরী দাখিল মাদরাসার অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কামরান মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের সঙ্গে থাকা তাঁর ফুফাতো ভাই মো. আশিক গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অপর মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলামের ডান হাত ভেঙে গেছে। তিনি উপজেলার বড়চওনা শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষক বলে জানা গেছে। তিনিও চিকিৎসাধীন রয়েছেন।