মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে ডুবে সজীব সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে নৌকা যোগে নদী পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত সজীব সরকার শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের মজিদ সরকারের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নৌকা যোগে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে মুখ ধোয়ার সময় এক পর্যায়ে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে নদীতে ডুবে যেতে দেখতে দ্রুত ফায়ারসার্ভিসকে জানালে তারা দ্রুত রাজশাহী ডুবুরী দল নিয়ে ঘটনা স্থলে উদ্ধারের কাজ শুরু করেন। পরে প্রায় ৭ ঘন্টা পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় রাজশাহী ডুবুরী দল।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।