নিরাপত্তার নিশ্চয়তা পেলে দ্রুত দেশে ফিরতে প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব আল হাসান সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি বলেন, সরকার বা প্রশাসন যদি স্বাভাবিক নিরাপত্তা ও হয়রানি না করার নিশ্চয়তা দেয়, তাহলে তিনি অবিলম্বে দেশে ফিরবেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
ভারতের মুম্বাই থেকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, তার বিরুদ্ধে থাকা মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবিলা করতে চান। তবে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট জটিলতার কারণে কিছু মামলার নিষ্পত্তি বিলম্বিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
দেশে ফেরার পূর্ব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালের অক্টোবরে দেশে ফেরার উদ্যোগ নিলেও শেষ মুহূর্তে বাধার মুখে পড়তে হয়। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেট ইস্যু নিয়েও কথা বলেন তিনি।
জুলাই আন্দোলন প্রসঙ্গে সাকিব বলেন, তখন দেশের বাইরে থাকায় পরিস্থিতি পুরোপুরি বুঝতে পারেননি। তবে তিনি নিহতদের প্রতি সমবেদনা জানান।
সব মিলিয়ে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হলে খুব দ্রুতই দেশে ফেরার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন এই তারকা ক্রিকেটার।