প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সিভিল প্রশাসনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন।
এছাড়া পুলিশ, সেনাবাহিনী, এসএসএফ, পিজিআর, বিজিবি, আনসার বাহিনী, সিএসএফসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা সংস্থা, ছাত্র-জনতা, শ্রমিক এবং সমাজের সর্বস্তরের মানুষ, পাশাপাশি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতেও স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সার্বিক সহযোগিতার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।