নেপালে গত ২৬ আগস্টের আকস্মিক বন্যার পর সহমর্মিতা প্রকাশ, ত্রাণ ও মানবিক কার্যক্রমে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে বালেন্দ্র শাহ এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিঠিতে নেপালের প্রধানমন্ত্রী বলেন, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর তারেক রহমানের সহানুভূতিশীল বার্তা নেপালের জনগণকে গভীরভাবে স্পর্শ করেছে। ভয়াবহ ওই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও মানুষের জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি বলেন, এমন কঠিন সময়ে চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের দেওয়া ১০ লাখ মার্কিন ডলার সহায়তার জন্য নেপাল আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সহায়তা ক্ষতিগ্রস্ত জনগণকে পুনরায় জীবন ও জীবিকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের জাতীয় সংসদে নেপালের বন্যায় হতাহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন বালেন্দ্র শাহ। তিনি বলেন, এ উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির প্রতিফলন।
চিঠিতে তিনি আরও বলেন, নেপাল বাংলাদেশকে শুধু ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে।
প্রতিকূল সময়ে বাংলাদেশ যে সহমর্মিতা ও সহযোগিতা দেখিয়েছে, তা নেপালের জনগণের হৃদয়ে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন দেশটির প্রধানমন্ত্রী।