নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: বুলবুল ওরফে শুকুরু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়ি ১ নং ভোগডাবুরী ইউনিয়নের নতুন সরকারপাড়া এলাকায় তার পিতার নাম ছুটু।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চিলাহাটি বাজারের সোনার মদিনা হোটেলের সামনে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশি করে শুকুরুর পরিহিত প্যান্টের পকেটে থাকা সিগারেটের প্যাকেট থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পুরোনো মোবাইল ফোনও জব্দ করা হয়।
স্থানীয়ভাবে জানা যায়, শুকুরু দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত রয়েছে। এবং কিছুদিন পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে মাদক সেবন করতে ও বিক্রি করতেও দেখা যায় বলে জানা যায়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিকী জানান, মাদকসহ একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।