জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এবারের সফরে প্রধানমন্ত্রী তুলনামূলক ছোট একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের দেওয়া তথ্য অনুযায়ী, অতীতে বাংলাদেশের সরকারপ্রধানরা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বড় প্রতিনিধি দল নিয়ে অংশ নিলেও এবার প্রতিনিধি দলের সদস্যসংখ্যা ৩৮ জন।
প্রতিনিধি দলে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিশেষ সহকারী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা রয়েছেন। এছাড়া বিশিষ্ট ব্যক্তি হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম সফরসঙ্গী হিসেবে থাকছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।