বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং মূল্য সমন্বয়ের পরও লোকসান গুনতে হচ্ছে।
সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, প্রতি লিটার ডিজেল প্রায় ২৫০ টাকা দরে কিনতে হচ্ছে। মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটারে প্রায় ৭০ টাকা লোকসান থাকবে বলে দাবি করেন তিনি। জ্বালানি সংকট নিরসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
দেশে অস্থিতিশীলতা তৈরিতে পরিকল্পিতভাবে অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন রিজভী। এর সঙ্গে ‘পতিত স্বৈরাচারের’ যোগসাজশ থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে ভিন্ন খাতে নেওয়ার ষড়যন্ত্র চলছে। জনগণের স্বার্থে সরকারের নেওয়া উদ্যোগ নিয়ে ব্যঙ্গ না করে জ্বালানি সংকট সমাধানে বিরোধীদের সহযোগিতামূলক ভূমিকা পালন করা উচিত।
প্রশাসনের ভেতর থেকেও কেউ কেউ নাশকতা বা স্যাবোটাজের চেষ্টা করছে বলে সন্দেহ প্রকাশ করেন রিজভী।