মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় তিন মাসব্যাপী সেলাইমেশিন প্রশিক্ষণ শেষে ২০ জন অসহায় পাহাড়ি ও বাঙালি নারীর মধ্যে সেলাইমেশিন ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। ব্যক্তিগত কর্মসংস্থান সৃষ্টি ও নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টায় দীঘিনালা জোনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সেলাইমেশিন ও সনদপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মু. শায়খউদ্দীন সাকলাইন, অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. জাহিদ হাসান জয় ও মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
জানা গেছে, অসহায় ও সুবিধাবঞ্চিত পাহাড়ি-বাঙালি নারীদের কর্মমুখী করে তুলতে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া ২০ নারী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর তাদের প্রত্যেককে একটি করে সেলাইমেশিন ও সনদপত্র দেওয়া হয়।
দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের সেলাই কাজে দক্ষ করে তোলার পাশাপাশি নিজস্ব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য। সেলাইমেশিন পাওয়ায় প্রশিক্ষণার্থীরা ঘরে বসেই কাজ করে আয় করার সুযোগ পাবেন।
সেলাইমেশিন ও সনদপত্র পেয়ে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে তারা নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয়দের মতে, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী হওয়ার পথকে আরও সহজ করবে।