চলে গেলেন জুলাই বিপ্লবী ওসমান হাদী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমান হাদীর ভাই ওমর হাদী।
ওসমান হাদীর মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও প্রতিক্রিয়া জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চ নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় আল্লাহ মহান জুলাই বিপ্লবী ওসমান হাদীকে শহিদ হিসেবে কবুল করেছেন।
একই ধরনের বক্তব্য প্রকাশ করা হয় ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও। সেখানে লেখা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামে মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদীর ওপর গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে একটি অস্ত্রোপচার করা হয়।
পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।