ফ্যাসিবাদকে পুনরায় প্রতিষ্ঠার কোনো ষড়যন্ত্র বা পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করার শক্তি ও সামর্থ্য চেয়ে জাতীয় সংসদে বিশেষ মোনাজাত করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনায় সরকার ও সংসদকে সক্ষমতা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে প্রয়াত সাবেক সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গ্রহণের পর তিনি এ মোনাজাত পরিচালনা করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আল্লাহ যেন ভবিষ্যতে কাউকে ফ্যাসিবাদ ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরির সুযোগ না দেন। এ ধরনের অপচেষ্টা হলে তা প্রতিহত করার শক্তি ও সামর্থ্য দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।
প্রয়াত সংসদ সদস্য, গণপরিষদ সদস্য ও জাতীয় নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের ভুলত্রুটি ক্ষমা এবং পরকালে উত্তম প্রতিদান দেওয়ার দোয়া করেন প্রতিমন্ত্রী।
এ সময় ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের প্রসঙ্গ তুলে ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের কথা স্মরণ করেন। পাশাপাশি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের ভূমিকা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথাও উল্লেখ করেন।
মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও দৃঢ়তার সঙ্গে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা কামনা করেন শামীম কায়সার লিংকন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও নীতির আলোকে ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীকে তৌফিক দেওয়ার জন্যও প্রার্থনা করেন তিনি।