জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় নারী শক্তির ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। পাইলট পরিচয়ের পাশাপাশি তিনি বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা বিষয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন।
রোববার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারী শক্তির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় নারী শক্তির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে ঘোষিত দক্ষিণের কমিটিতে সিফাত সুলতানা মিমকে আহ্বায়ক, ইথার ফারিয়াল হামিদকে সদস্য সচিব এবং ফাতেমা রহমান মেঘাকে মুখ্য সংগঠক করা হয়েছে।
জাতীয় নারী শক্তির আহ্বায়ক মাহমুদা আলম মিতু ও সদস্য সচিব নুসরাত তাবাসসুম জ্যোতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
একই দিন ঢাকা মহানগর উত্তর শাখার তিন সদস্যের আংশিক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে খন্দকার খালেদা আক্তারকে আহ্বায়ক, রেহানা আক্তার রুমাকে সদস্য সচিব এবং সালমা আক্তারকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে নবগঠিত উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে প্রস্তাব জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।