জামায়াতে ইসলামীকে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করা বিএনপির সুপরিকল্পিত রাজনৈতিক প্রকল্প বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপি থেকে পদত্যাগ, রাজনৈতিক জোট ও জাতীয় নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, বিএনপি চায়নি এনসিপি সংসদের প্রধান বিরোধী দল হোক। বরং জামায়াতকে বিরোধী দল হিসেবে রাখাটা বিএনপির জন্য বেশি সুবিধাজনক। কারণ, জামায়াতের সঙ্গে বিএনপির দীর্ঘদিনের জোট ও রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। ফলে তাদের নিয়ন্ত্রণ করা বিএনপির জন্য তুলনামূলক সহজ।
তিনি আরও বলেন, বিএনপি সংস্কারের বিষয়টিকে জামায়াতের রাজনৈতিক প্রকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। অথচ তাঁর মতে, জামায়াত প্রকৃত অর্থে সংস্কারপন্থী রাজনৈতিক দল নয়।
এনসিপির রাজনৈতিক সম্ভাবনা প্রসঙ্গে সামান্তা বলেন, তিনি চেয়েছিলেন এনসিপি আত্মবিশ্বাসের সঙ্গে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে এবং জামায়াতসহ অন্য রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেবে। কিন্তু দলটি শুরু থেকেই সেই অবস্থান নিতে অনীহা দেখিয়েছে।
নির্বাচনের ফলাফল নিয়ে তিনি দাবি করেন, এনসিপির অংশগ্রহণ ও সমর্থন না থাকলে জামায়াত এত আসনে জয়ী হতে পারত না। এনসিপির ভোটের কারণেই জামায়াত অনেক আসনে বাড়তি ভোট পেয়েছে বলে মনে করেন তিনি।
সামান্তা শারমিনের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল পুরোনো রাষ্ট্রকাঠামোর পরিবর্তন। কিন্তু এনসিপি সেই লক্ষ্য থেকে সরে এসে পুরোনো রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে আপস করেছে। এতে দলটি নিজস্ব রাজনৈতিক পরিচয় ও স্বকীয়তা হারিয়েছে।