অনিয়ম, স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও সরকারি বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসব সংস্থার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লিখিত জবাবে মন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন অনিয়মের কারণে এসব এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও সরকারি নির্দেশনা অমান্য এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) জমা দেওয়ার মতো অভিযোগে সংস্থাগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এনজিওবিষয়ক ব্যুরো নতুন সংস্থার নিবন্ধন, নিবন্ধন নবায়ন, বৈদেশিক অনুদানের প্রকল্প অনুমোদন, অর্থ ছাড় এবং প্রকল্প বাস্তবায়ন তদারকির দায়িত্ব পালন করে।
তিনি আরও বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এনজিওগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে কোনো সংস্থা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে এনজিওবিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে আসছে।