জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় পৌঁছেছে। তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–৩৮৫ ফ্লাইটটি শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান অবতরণের পরপরই বিমানবন্দরে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বিমানবন্দরে শহীদ হাদির মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
এছাড়া ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের নেতারা বুরহান উদ্দিন ও জাবেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে শহীদ হাদির বোন-জামাই আমিরুল ইসলাম বিমানবন্দরে উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিঙ্গাপুর থেকে মরদেহের সঙ্গে দেশে ফেরেন হাদির বড় ভাই আবু বকর।
বিমানবন্দরে ছোট্ট কফিনে মোড়ানো শহীদ হাদির মরদেহ ঘিরে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই। নীরবতা, শোক আর শ্রদ্ধায় ভরে ওঠে পুরো এলাকা। অনেকেই কফিনে হাত রেখে শেষবারের মতো শ্রদ্ধা জানান এই জুলাই বিপ্লবী শহীদের প্রতি।