গত ১৮ মাসে দেশে কর্মসংস্থান বাড়েনি, বরং বিদেশে কর্মসংস্থানের হারও ৩৫ শতাংশ কমেছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে সম্পূরক প্রশ্নে তিনি এ অভিযোগ করেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বেসরকারি খাতে ঋণ বিতরণ গত তিন দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বর্তমানে এ হার ৩ দশমিক ৪২ শতাংশ। গত ১৮ মাসে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির কথা থাকলেও এখন পর্যন্ত কত কর্মসংস্থান হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। বরং দেশে কর্মসংস্থান না বাড়ার পাশাপাশি বিদেশে কর্মসংস্থানও ৩৫ শতাংশ কমেছে।
এ সময় ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্প নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ‘একটি বাড়ি একটি খামার’ নামে চালু হওয়া প্রকল্পটির নাম দুই মেয়াদে পরিবর্তন করা হয়েছে এবং এতে ব্যাপক দুর্নীতি হয়েছে।
সমবায়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, কারিগরি ও ভাষাগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে কতজন কর্মক্ষম মানুষ তৈরি হয়েছেন, তার হিসাব সরকারের কাছে আছে কি না, জানতে চান তিনি। একই সঙ্গে প্রকল্পের দুর্নীতির অভিযোগে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে করা মামলার বর্তমান অবস্থাও জানতে চান।
জবাবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সংসদ সদস্য একাধিক মন্ত্রণালয়-সংশ্লিষ্ট প্রশ্ন করেছেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আলাদাভাবে প্রশ্ন করলে এ বিষয়ে বিস্তারিত উত্তর পাওয়া যাবে।