শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে ব্যবসায়ী নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সভায় এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রী জানান, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটে। এতে শিল্প-কারখানা ও বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। তবে দুর্ঘটনাজনিত সমস্যা ইতিমধ্যে সমাধান করা হয়েছে। ফলে মঙ্গলবার সন্ধ্যা থেকে শিল্পে গ্যাস সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
গ্যাস সংকট মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার আশা করছে, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নতুন টার্মিনালটি সরবরাহ ব্যবস্থায় যুক্ত করা সম্ভব হবে।
এ ছাড়া দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভবিষ্যতে পাঁচটি ভাসমান এলএনজি টার্মিনাল এবং প্রায় ১৫০টি নতুন গ্যাসকূপ স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, শিল্প ও ব্যবসা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।