ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মহিউদ্দিন খান।
লোকপ্রশাসন বিভাগে স্নাতক পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়। পাশাপাশি অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও গবেষণা নিবন্ধের জন্যও পুরস্কার প্রদান করা হয়।
লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে মহিউদ্দিন খানকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ অর্জন করে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি।
পরবর্তীতে মাস্টার্সের প্রথম সেমিস্টারেও তিনি ৪.০০-এর মধ্যে পূর্ণ ৪.০০ সিজিপিএ অর্জন করেন।
মহিউদ্দিন খানের বাড়ি জয়পুরহাট জেলায়।