ভারত-পাকিস্তানের সামরিক সংঘাতের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১০ মে পাকিস্তানের জ্যাকোবাবাদে অবস্থিত শাহবাজ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। ওই অভিযানে বিমানঘাঁটির চারটি হ্যাঙ্গারকে লক্ষ্যবস্তু করা হয়। ভারতের দাবি, হ্যাঙ্গারগুলোতে যুদ্ধবিমান, এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল (এইডব্লিউঅ্যান্ডসি) বিমান এবং ড্রোন রাখা ছিল।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ওই হামলায় পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত অথবা ধ্বংস হয়েছে। একই অভিযানে একটি এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান এবং কয়েকটি ড্রোনও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়।
এ ছাড়া পাকিস্তানের সারগোধা ও রহিম ইয়ার খান বিমানঘাঁটির রানওয়েতে ক্ষয়ক্ষতি এবং চাকলালা ও মুরিদের কমান্ড সেন্টারেও হামলা চালানোর দাবি করেছে ভারত।
তবে পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংসের দাবি এবারই প্রথম করেনি নয়াদিল্লি। গত বছরের আগস্টে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছিলেন, ‘অপারেশন সিন্দুর’-এর সময় পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান এবং একটি বড় আকারের বিমান ধ্বংস করা হয়েছিল। সে সময় জ্যাকোবাবাদে এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের কথাও উল্লেখ করেছিলেন তিনি।
ভারতের নতুন এই দাবির বিষয়ে পাকিস্তানের কোনো প্রতিক্রিয়ার কথা টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস বা ক্ষয়ক্ষতির তথ্য স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি এখন পর্যন্ত ভারতের দাবি হিসেবেই রয়েছে।
প্রসঙ্গত, ‘অপারেশন সিন্দুর’ ঘিরে ২০২৫ সালের ৭ মে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হয়। তিন দিন পর ১০ মে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই সংঘাতের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের এফ-১৬ ধ্বংসের নতুন দাবি সামনে আনল ভারত।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?