মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে দেশের শিল্প-কারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাম্প্রতিক সংকটের আগের অবস্থায় ফিরবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রায় তিন ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই নতুন করে তৈরি হওয়া সংকট কাটিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ফজলুল হকের মতে, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর এটিই।
তবে ‘আগের অবস্থায়’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহ বলতে ঠিক কোন পর্যায়ের সরবরাহ বোঝানো হয়েছে, ব্রিফিংয়ে তা শুরুতে স্পষ্ট করা হয়নি।
পরে এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক বলেন, আগস্ট মাসে গ্যাস ও বিদ্যুতের সংকট ঘনীভূত হওয়ার আগে শিল্প-কারখানায় যে পরিস্থিতি ছিল, সেই অবস্থায় সরবরাহ ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।