ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য নয়। দেশটির অংশীদার হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। তবে ব্রিকসে যোগ দেওয়ার বিষয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় বাংলাদেশের মানুষের মধ্যে একধরনের ‘রিজারভেশন’ তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। সেই সম্পর্ক অবশ্যই সমমর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হতে হবে।
জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে। সরকার ও বিরোধী দল এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে সংসদের আগামী অধিবেশনেই প্রয়োজনীয় আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।