বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে চীন সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে আমন্ত্রণ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনা রাষ্ট্রদূত এ আমন্ত্রণ জানান। শামা ওবায়েদ আমন্ত্রণ গ্রহণ করে এ উদ্যোগের জন্য চীনকে ধন্যবাদ জানান।
সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা স্মরণ করেন। বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে অবকাঠামো, মানব উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে চীনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে পাশে থাকার বিষয়ে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কে অর্জিত অগ্রগতির বিষয়গুলো তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশ-চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোর, চীনা অর্থনৈতিক অঞ্চল, মোংলা বন্দরের উন্নয়ন এবং রংপুরে প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের বিষয় ছিল।
এ ছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানিসহ জ্বালানি খাতে সহযোগিতা এবং নারীর ক্ষমতায়ন নিয়েও মতবিনিময় করেন তারা।
আলোচনার একপর্যায়ে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের নারী উদ্যোক্তাদের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সুবিধাজনক সময়ে শামা ওবায়েদকে চীন সফরের আমন্ত্রণ জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং নারী উদ্যোক্তাদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান।