দেশের বাইরে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় দুদককে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, দেশের বাইরে তার এক পয়সার বিনিয়োগ বা সম্পত্তির প্রমাণ পাওয়া গেলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।
তিনি লেখেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ, ব্যাংকে রাখা অর্থ, ভিলা, জমি—এমনকি একটি ধুলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেব। আর যে শাস্তি হবে, তা মাথা পেতে নেব।’
আসিফ মাহমুদ আরও বলেন, বিদেশে রাজনীতিক ও ব্যবসায়ীদের সম্পদের তথ্য এর আগেও অনুসন্ধানী সাংবাদিক এবং সরকারি সংস্থাগুলো বের করেছে। তার ভাষায়, এ ধরনের তথ্য খুঁজে বের করার সক্ষমতা সরকারের রয়েছে এবং এটি কোনো জটিল বিষয় নয়।
দুদকের অনুসন্ধানের সূত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পোস্টে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন, সাত মাস আগের একটি ফেসবুক পোস্টের তথ্য কপি করে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়েছে।
তিনি প্রশ্ন তোলেন, রাজনৈতিকভাবে কতটা দুর্বল হলে এমন একটি সূত্রের ভিত্তিতে তদন্ত শুরু করতে হয়।
পোস্টের শেষাংশে সরকারের সমালোচনা করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এবং দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়ে এখন দমন-পীড়নের পথ বেছে নেওয়া হচ্ছে।
তিনি আরও প্রশ্ন করেন, বর্তমান সরকারের বিরোধী দল দমনের পদ্ধতির সঙ্গে আওয়ামী লীগের সময়কার দমন-পীড়নের পার্থক্য কোথায়।