পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৬ হাজার ১৭৪ জন বাংলাদেশি হাজি। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজবিষয়ক সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত মোট ১৮০টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৭টি ফ্লাইটে ৩০ হাজার ৫৭৩ জন, সৌদি এয়ারলাইনসের ৬১টি ফ্লাইটে ২২ হাজার ৭২৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ১২ হাজার ৮৭২ জন হাজি দেশে ফেরেন।
ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ৭১৫ জন রয়েছেন।
এদিকে, চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৫৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।
এ ছাড়া হজ মৌসুমে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি।
চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি অংশ নেন, যার মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ৭৮ হাজারের বেশি হজযাত্রী। গত ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে এবং আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।