মাসুম হোসেন , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোমিনুল ইসলাম (৩৫) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বগুড়া – নগর বাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমিনুল ইসলাম শাহজাদপুর উপজেলার মশিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে যাত্রীর অপেক্ষায় সরিষাকোল বাজার এলাকায় সড়কের পাশে সিএনজি অটোরিকশায় বসে ছিলেন মোমিনুল ইসলাম। এ সময় সিরাজগঞ্জ রোডের দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তার সিএনজিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ক্ষতিগ্রস্ত হয় এবং মোমিনুল গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকচালক দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাক নিয়ে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহাসড়কে কিছু সময় যান চলাচলেও ধীরগতি সৃষ্টি হয়। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া ও দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ট্রাকটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।