সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ও রিমান্ডে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। অসুস্থতার কারণে তানভীর নিজে বক্তব্য দিতে না পারায় তার লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত।
লিখিত বক্তব্যে তানভীর দাবি করেন, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কারাগার ও রিমান্ডে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়েছে। তিনি কারাগারের পরিবেশ, খাবার ও চিকিৎসা নিয়েও বিভিন্ন অভিযোগ করেন।
তানভীর আরও দাবি করেন, তাকে ৭০-৮০টির মতো ইনজেকশন দেওয়া হয়েছে এবং একপর্যায়ে তার শরীরের বিভিন্ন অংশ অবশ হয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হলেও সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি তাকে নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশেষ সুবিধা দেওয়া হলেও জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নির্যাতনের হুমকি দেওয়া হতো।
তানভীর বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ বা আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।