আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরাতে সরকারের একটি অংশ ও প্রশাসনের ভেতরে থাকা একটি চক্র কাজ করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে খুলনা বিভাগীয় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। পরে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ‘ইনক্লুসিভ’ প্রক্রিয়ার মাধ্যমে আবারও রাজনীতিতে ফেরানোর পথ খুঁজছে সরকারের একটি অংশ। এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকারের অভ্যন্তরীণ যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগকে ফেরানোর ক্ষেত্রে জামায়াতের সঙ্গে যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এ দাবি অসত্য ও হাস্যকর। অভিযোগের পক্ষে প্রমাণ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি চ্যালেঞ্জ জানান তিনি।
তিনি আরও দাবি করেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে। প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগের অনুসারীদের সহযোগিতা ছাড়া এসব কর্মকাণ্ড সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের দায় জামায়াতের নেতাকর্মীদের ওপর চাপিয়ে মামলা, গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে।
জাতীয় নির্বাচন, দেশের বর্তমান পরিস্থিতি এবং শেখ হাসিনার বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ার বিষয়েও কথা বলেন জামায়াতের এই নেতা। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।