দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অতীতে রাজনৈতিক স্বার্থে “জঙ্গি” শব্দটি ব্যবহার করা হতো।
তবে বর্তমান বাস্তবতায় দেশের সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে এ ধরনের উগ্রবাদী তৎপরতা নেই বলে তিনি দাবি করেন। যদিও বিশ্বের বিভিন্ন দেশে উগ্রপন্থি গোষ্ঠীর উপস্থিতি রয়েছে, বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি নিরাপত্তা সংক্রান্ত একটি চিঠির বিষয়ে প্রশ্ন উঠলে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এমন কোনো চিঠি দেওয়া হয়নি। তবে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়।
তিনি আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআইগুলোতে সর্বদা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন বাহিনীর সমন্বয়ে নির্ধারিত এসওপি অনুযায়ী এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।