মঈন উদ্দীন,বান্দরবান প্রতিনিধি
বান্দরবান সদর থানা পুলিশের অভিযানে দুইটি হাতবোমা (গ্রেনেড) উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দুপুরে বান্দরবান সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকা থেকে আগত এক অজ্ঞাত পরিচয় কিশোরের মাধ্যমে গ্রেনেড দুটি পুলিশের হেফাজতে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে ১০ থেকে ১২ বছর বয়সী এক কিশোর বান্দরবান বাস স্টেশনসংলগ্ন ট্রাফিক কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে দুইটি হাতবোমা জমা দেয়।
বিষয়টি অবগত হওয়ার পর বান্দরবান সদর থানা থেকে একটি পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, উদ্ধার হওয়া হাতবোমা দুটি ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত গণঅভ্যুত্থানের সময় কোনো এক পুলিশ থানা থেকে হারিয়ে যাওয়া গ্রেনেড হতে পারে।
তবে সেগুলো ঠিক কোন থানা থেকে নিখোঁজ হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে উদ্ধারকৃত হাতবোমা দুটি বান্দরবান সদর থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।