পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি পটুয়াখালী জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উদ্যোগে সোমবার (১৫ ডিসেম্বর) সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের শারিকখালী এলাকায় দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিশা আক্তার স্বপ্না (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আরেক অভিযুক্ত নাজমা বেগম (৪২) পলাতক রয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শারিকখালী এলাকার একটি সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে বসতঘরের ভেতর থেকে ১৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৭ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ওই বাড়ি থেকেই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
গ্রেফতারকৃত নিশা আক্তার স্বপ্না একই এলাকার লিটন শেখের মেয়ে। পলাতক নাজমা বেগম তার মা বলে জানা গেছে।
উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী পটুয়াখালী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে জেলা জুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।