পটুয়াখালীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ৩৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলার গলাচিপা, পটুয়াখালী সদর, মহিপুর ও রাঙ্গাবালী এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানা পুলিশের অভিযানে ৫৩ পিস ইয়াবাসহ লায়লা আক্তার (৩৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় তার বসতঘরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অন্যদিকে, পটুয়াখালী সদর থানাধীন মরিচবুনিয়া ইউনিয়নের পাটুখালী এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তৈয়ব মুসল্লী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার রাত ৯টা ৫ মিনিটের দিকে জাফর গাজীর বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুলাল মাতুব্বর (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগী হিসেবে মাসুম হাওলাদার ওরফে মাসুদ (৪৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার রাত ১টা ৪০ মিনিটে মহিপুর থানাধীন নজীবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মহিপুর থানায় মামলা করা হয়েছে।
এ ছাড়া রাঙ্গাবালী থানাধীন চর মোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৪৭ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম (৪৬) ওরফে মনির পেদা এবং শফিকুল ইসলাম (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চর মোন্তাজ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মন্ডল বাজারের পূর্ব পাশে সরকারি আবাসন ব্যারাকের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে, মহিপুর থানাধীন কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪৮ পিস ইয়াবাসহ বরিশাল বিভাগের আন্তঃজেলা মাদক কারবারি হিসেবে পরিচিত হালিম মাতুব্বর (৪৯)সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার অপর দুজন হলেন শফিকুল ইসলাম সরকার ও সাইফুল ইসলাম হাওলাদার (২৯)। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।