রাজধানী ঢাকায় নিজস্ব অফিস খোলার আগ্রহ প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ জানান, মেটার প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও সময়স্বল্পতার কারণে তিনি অংশ নিতে পারেননি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে ঢাকায় মেটার অফিস খোলার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকায় প্রতিষ্ঠানটি ঢাকায় কার্যক্রম সম্প্রসারণে আগ্রহ দেখিয়েছে।
তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যাক্ট (সিএসএ), ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইনভিত্তিক ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। দেশের ই-কমার্স ও অনলাইন ব্যবসা সম্প্রসারণে মেটা সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।