বর্তমান সরকারকে ‘ব্যর্থ সরকার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মাহমুদা মিতু লেখেন, ‘ধানের শীষে ভোট দিয়েছেন তাই হয়তো মুখে মানবেন না, মনে মনে ভেবে দেখেন এই সরকার আপনার ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। ব্যর্থ সরকার।’
এনসিপির এই সংসদ সদস্যের পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়। কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন, আবার অনেকেই এর সমালোচনা করেন।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত পোস্টটিতে ২৩ হাজার ৪০০-এর বেশি প্রতিক্রিয়া এবং প্রায় পাঁচ হাজার মন্তব্য জমা পড়ে। একই সময়ে পোস্টটি দুই শতাধিকবার শেয়ার করা হয়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে সরকার ও সরকারি দলের সমালোচনায় সরব রয়েছেন এনসিপির নেতারা। মাহমুদা মিতুর এই পোস্টেও সরকারের কার্যক্রম ও ভোটারদের প্রত্যাশা পূরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
তবে তাঁর এই মন্তব্যের বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।