পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে গলাচিপা পৌরসভার রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড দফাদার বাড়ি এলাকায় তানিয়া স্টোরের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গলাচিপা থানা পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহেল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রতনপুর এলাকার দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রতনপুর ৬ নম্বর ওয়ার্ডের মো. দুলাল হাওলাদার (৫৪), পিতা মৃত হাচন হাওলাদার, এবং মো. আবুল হোসেন (৫০), পিতা মৃত মানিক দফাদার।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি গলাচিপা থানার মামলা নম্বর-৪৪, তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।