জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি এবং সদস্য সচিব আখতার হোসেন এমপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা বলেন, নাসীরউদ্দীন পাটোয়ারীর বক্তব্যের একটি অংশ আলাদাভাবে প্রচার করে এর ভিন্ন অর্থ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে।
বিবৃতিতে এনসিপি নেতারা দাবি করেন, পাটোয়ারীর মূল বক্তব্য ছিল—‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার—এই তিনটি দাবি মানলেই আর ককটেল ফুটবে না ঢাকা শহরে।’
তাদের অভিযোগ, পুরো বক্তব্য তুলে না ধরে একটি অংশ প্রচার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে বিএনপি ও তাদের অনুসারী রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা।
এনসিপি নেতারা বলেন, পাটোয়ারীর বক্তব্যের উদ্দেশ্য ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা এবং তাদের ভাষায় ‘ফ্যাসিবাদের স্থায়ী বিলোপের’ প্রয়োজনীয়তা তুলে ধরা। কিন্তু বক্তব্যের প্রেক্ষাপট বাদ দিয়ে নির্দিষ্ট অংশ প্রচার করাকে তারা ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেন।
যৌথ বিবৃতিতে দেশের সাম্প্রতিক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকারও সমালোচনা করা হয়।
একই সঙ্গে জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, সংস্কার এবং গণভোটসংক্রান্ত দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি ও রাজপথের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি।