সোহেল রানা,সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এমএলএম ব্যবসা তিয়ানশির অফিসে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। এসময় অনুমোদনহীন বিদেশি ওষুধ, ফুড সাপ্লিমেন্টসহ নানা ধরনের পণ্য জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার থানা রোডের খলিল ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারহানা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতরা হলেন— তিয়ানশির ডিস্ট্রিবিউটর মোঃ সোহেল রানা ও মার্কেটিং অফিসার মোঃ ওবাইদুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানটি ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল। তাদের কারও কোনো চিকিৎসা সনদ বা নিবন্ধন নেই। অফিসে ক্যান্সার, হৃদরোগ, কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিল রোগ নির্ণয় ও চিকিৎসা দেওয়া হতো। এছাড়া স্বাভাবিক দামের চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি দামে অনুমোদনহীন বিদেশি ওষুধ বিক্রি করে রোগীদের সঙ্গে প্রতারণা করছিল তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহাগ বলেন, “তারা ডাক্তার না হয়েও রোগ নির্ণয়সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা দিচ্ছিল। অনুমোদনহীন বিদেশি ওষুধ সরবরাহ করছিল। প্রতিষ্ঠানটির কোনো বৈধ কাগজপত্র নেই। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে এবং কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, এ ধরনের অবৈধ এমএলএম ব্যবসা ও অনুমোদনহীন চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।