পটুয়াখালীর গলাচিপায় পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর রাতে গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রতনপুর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আসাদুজ্জামান রুবেল (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন বিকেল ৪টার দিকে পানপট্টি ইউনিয়নের সেনের হাওলা এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ হৃদয় খান (২৩) ও আমিনুর বিশ্বাস (২৮)-কে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া, একই দিন রাতে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল হাওলাদার (৫০)-কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, ৮ সেপ্টেম্বর রাতে পানপট্টি ইউনিয়নের কোকাইতবক এলাকায় অভিযান চালিয়ে ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।