নীলফামারী সদর উপজেলার হরিশচন্দ্রপাঠ এলাকার ধুলাটিপাড়ায় নদীতে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে মফিল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মফিল উদ্দিন স্থানীয় ধুলাটিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সন্ধ্যায়ও বাড়ির পাশের নদীতে মাছ ধরতে যান মফিল উদ্দিন। মাছ ধরার একপর্যায়ে একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা সাপটিকে পিটিয়ে মেরে ফেললেও, সেটি ঠিক কোন প্রজাতির বিষধর সাপ ছিল তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ছবি দেখে নিরব ঘাতক বিষধর কালাচ সাপ বলে অভিমত ব্যক্ত করেছেন অনেকেই।