আমজাদ শিবলু, সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে জুমার নামাজ আদায় করতে মসজিদে প্রবেশের সময় আব্দুল ওয়াদুদ (৬৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের পরিকোট আল আকসা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ ডমুরুয়া ইউনিয়নের পরিকোট হাজারী বাড়ির বাসিন্দা। তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা। তিনি ডমুরুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী কামালের চাচা।
প্রত্যক্ষদর্শী মুসল্লি মো. ফরিদ ‘ দৈনিক সকাল’-কে বলেন, শুক্রবার দুপুর ১টার দিকে ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করেন। এ সময় আব্দুল ওয়াদুদ মসজিদে প্রবেশের জন্য গেটের সামনে এলে হঠাৎ মাটিতে পড়ে যান। পরে উপস্থিত মুসল্লিরা দ্রুত তাকে মসজিদের ভেতরে নিয়ে যান। সেখানে প্রায় তিন মিনিট অচেতন অবস্থায় থাকার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন,তিনি মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে আব্দুল ওয়াদুদ দুইবার স্ট্রোক করে চিকিৎসা নিয়েছিলেন। শুক্রবার মসজিদে প্রবেশের সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা।