মুন্সিগঞ্জ প্রতিনিধি
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গত ৫০ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার জন্য ধারাবাহিকভাবে সংগ্রাম করে যাচ্ছে। অন্যদিকে, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল হওয়ায় তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার মুন্সিগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সময় জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “বিএনপি কখনো একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের কারণে দীর্ঘদিন বিদেশে অবস্থান করতে বাধ্য হয়েছেন।”
তিনি আরও বলেন, “জনগণের সমর্থনে বিএনপি বারবার নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন তোলা সমীচীন নয়।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়েও সরকার কাজ করছে।
এর আগে মন্ত্রী মুন্সিগঞ্জের মোল্লাচর এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
পরে জেলার অবকাঠামো উন্নয়ন-সংক্রান্ত এক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মুন্সিগঞ্জ সফরে মির্জা ফখরুলের এ বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।