রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। এ বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে আয়োজিত প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শুরু হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের বিভিন্ন প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও সংসদের স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পুরো কার্যক্রম গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে। সংসদ কক্ষেই ভোটগ্রহণ করা হবে এবং সংসদ সদস্যরা নিজ নিজ আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোট গণনার প্রক্রিয়া চলবে।
চিফ হুইপ আরও বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তাঁর সংসদ সদস্যপদ থাকবে না।
ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের যে প্রত্যাশা ছিল, সরকার তা বাস্তবায়ন করছে না। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচন ঠেকাতে ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে বলেও জানান তিনি।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।