সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাগর ইসলাম সিজারকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নাটোর থানা পুলিশের মাধ্যমে তাকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার সাগর ইসলাম সিজার সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাঁচাবাজার এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৫ সূত্রে জানা যায়, একটি সিআর মামলায় সাগর ইসলাম সিজারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সোমবার সন্ধ্যায় নাটোর সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে অনলাইনে তার তথ্য যাচাই করে সখীপুর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলায় (মামলা নম্বর–০৩, ০৮/২০২৪) তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে পাওয়া যায়।
পরে বিষয়টি নাটোর থানা পুলিশ সখীপুর থানাকে জানায়। সখীপুর থানা-পুলিশ নাটোরে গিয়ে সাগর ইসলাম সিজারকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তিনি সখীপুর থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাগর ইসলাম সিজার বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।