দেশকে সামরিক শাসন, অগণতান্ত্রিক বা কর্তৃত্ববাদী ব্যবস্থার দিকে না নেওয়া এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ ১১ দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ জনগণের ভোট, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসনের ভিত্তিতেই নির্ধারিত হতে হবে। সামরিক কিংবা কর্তৃত্ববাদী শাসন দেশের গণতন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি।
তার দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারের আওতায় আনা, চাঁদাবাজি-দখলদারি ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান, গণভোটের রায় বাস্তবায়ন ও রাষ্ট্রীয় সংস্কার, জ্বালানি সংকটের স্থায়ী সমাধান এবং সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ।
এ ছাড়া সরকারি নিয়োগে দলীয় পরিচয় ও তদবির বন্ধ করে মেধার মূল্যায়ন, দুর্নীতির অর্থ উদ্ধার, তরুণদের জন্য স্বচ্ছ কর্মসংস্থান এবং দক্ষতাভিত্তিক অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
নাসীরুদ্দীন বলেন, তৈরি পোশাক ও স্বল্পদক্ষ প্রবাসী শ্রমনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আইটি, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ওষুধ, আধুনিক কৃষি ও উচ্চমূল্যের শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে।
তিনি বলেন, “সামরিক শাসন নয়, গণতান্ত্রিক শাসন। কর্তৃত্ববাদ নয়, জনগণের ক্ষমতা। চাঁদাবাজি নয়, আইনের শাসন।”
এনসিপির এই নেতা আরও বলেন, “বাংলাদেশ কারও ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলাদেশ জনগণের।”